জীবনের উদ্দেশ্য

ডা. বরুণ কুমার আচার্য্য | রবিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

মানুষের অনেক রকমের আকাঙ্ক্ষা আছে। সাফল্যের আকাঙ্ক্ষা, আমোদপ্রমোদ বিসর্জন দিয়ে কর্তব্য পালনের আকাঙ্ক্ষা। উদ্দেশ্য পূরণ হওয়ার আকাঙ্ক্ষার। জীবনকে যা অর্থপূর্ণ করে তোলে তার জন্য মৃত্যুবরণও করা যেতে পারে। কী লাভ হবে যদি, সমস্ত পৃথিবীটাই অর্জন করি, কিন্তু নিজের বিবেক বিসর্জন দিতে হয় উদ্দেশ্যবিহীন জীবন জীবতের ন্যায়। জীবনের লক্ষ্য কী। যদি জীবনের উদ্দেশ্য থাকে, তাহলে উদ্দেশ্য সিদ্ধির আবেগও থাকবে। সুতরাং আগে একটি উদ্দেশ্য স্থির করে, তারপর আবেগ ও অধ্যবসায় নিয়ে লক্ষ্যের পথে অগ্রসর হতে হবে। প্রত্যেকদিন নিজেকে এই প্রশ্ন করার দরকার, ‘আমি কি জীবনের লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে পেরেছি? আমি কি এই পৃথিবীকে উন্নততর বাসভূমি হিসেবে তৈরি করতে পেরেছি’? উত্তর যদি না হয়, তাহলে আমি জীবনের একটি দিন নষ্ট করেছি।

মনে রাখতে হবে, আমাদের অবদান অনুপাতে আমরা জীবনের কাছ থেকে পুরস্কার পাব। যত তাড়াতাড়ি জীবনের উদ্দেশ্য ঠিক করা যায় ততই ভালো। অনেক সময় দেখা যায়, জীবনের উদ্দেশ্য স্থির করতে গিয়ে যে অন্তহীন অনুসন্ধান করতে হয় তাতেই সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যা কেবল ব্যক্তিগত নয়, পরিবারের, সংস্থার এমনকি দেশেরও। একবার আমাদের উদ্দেশ্য এবং মূল্যবোধ স্পষ্ট হয়ে গেলে সামাজিক দায়বদ্ধতা এবং ব্যক্তিগত স্বার্থের মধ্যে একটা নৈতিক ভারসাম্য খুঁজে পাওয়া যায়। কখন আমাদের একটি অবস্থান নিতে হবে সেই বিষয়ে সচেতন হই। তখনই স্বল্প মেয়াদী লাভের জন্য ভুল সিদ্ধান্ত না নিয়ে দীর্ঘমেয়াদী লাভের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া শুরু করতে পারি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপের মানুষের কষ্টের দিন শেষ হবে কবে?
পরবর্তী নিবন্ধসন্তানেরা মা-বাবার জীবনে আশীর্বাদ হিসেবে আসীন হোক