৭ দিন পর ভাসল রাঙামাটির ঝুলন্ত সেতু

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১:৩১ অপরাহ্ণ

টানা সাত দিন কাপ্তাই হ্রদের পানিতে নিমজ্জিত থাকার পর ভাসল ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু। আজ শনিবার (৫ আগস্ট) দুপুর ১২টা থেকে সেতুটি পর্যটক ও স্থানীয়দের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দিয়েছে সেতু কর্তৃপক্ষ।

এর আগে, গত ২৯ আগস্ট (শনিবার) দুপুরের দিকে বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে পানিতে নিমজ্জিত হয় ঝুলন্ত সেতুটি। এরপর গত এক সপ্তাহ ধরে পানিতে নিমজ্জিত ছিল সেতুটি। তবে গতকাল শুক্রবার (৪ আগস্ট) সেতুর পাটাতনে পানি পানি ছুঁইছুঁই থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে পর্যটকদের সেতুতে ভ্রমণ করতে দেখা গিয়েছে।

মূলত রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির ধারণ সক্ষমতা ১০৯ ফুট মিনস সি লেভেল (এমএসএল) তবে হ্রদে পানির পরিমাণ ১০৫ ফুট এমএসএলের অধিক হলে ডুবে যায় ঝুলন্ত সেতুর পাটাতন।

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার (৫ আগস্ট) দুপুর ১টায় হ্রদে পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ১৮ ফুট এমএসএল। এতে করে যে কোনো সময় ভারি বৃষ্টি হলে আবারও ডুববে পর্যটন ঝুলন্ত সেতু।

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানিয়েছেন, ‘আজ (শনিবার) সকালের দিকে সেতু থেকে পানি পুরোপুরি নেমে যাওয়ার পর দুপুর ১২টা থেকে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পর্যটকরা এখন টিকেট কেটে সেতুতে ভ্রমণ করতে পারবেন।’

পূর্ববর্তী নিবন্ধযখন মানুষ নিজেই একেকটি মিডিয়া