ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌর এলাকায় চেকপোস্ট বসিয়ে ১৬টি চোরাই মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গত বুধবার রাত পৌনে ১২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পশ্চিম পাশে মহাসড়কের ঢাকামুখী লেনে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তির নাম মো. ছাদেক (৩৮)। তিনি সিলেটের শাহপরান থানার হতুরা চুয়াবহর বটেশ্বর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, চেকপোস্টে ছাদেককে আটক করার পর তার কাছ থেকে বিভিন্ন মডেলের ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাদেক দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে চোরাই মোবাইল ফোন কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চোরাই মোবাইল ফোন কেনাবেচায় জড়িত সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, প্রযুক্তিনির্ভর তথ্য বিশ্লেষণ, নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে।












