জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর অসুস্থ হয়ে পড়লে জরুরি অবতরণের জন্য মাস্কাটে ডাইভার্ট করা হয়। সেখানে বিমানবন্দর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত যাত্রীর নাম ছানোয়ারা বেগম। তার বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG136 জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের পর ওই নারী যাত্রী অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি মাস্কাটে জরুরি অবতরণ করে। পরে বিমানবন্দরের চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
মৃত যাত্রীর মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে চলমান রয়েছে বলে জানা গেছে।
এদিকে, যাত্রীকে মাস্কাটে রেখে ফ্লাইটটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। বিমানটি বুধবার আনুমানিক দুপুর ২টা ৪০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।












