যুক্তরাষ্ট্রের রাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা : ট্রাম্প

| সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যিক আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা কোনও রাজ্য না হয়েও যুক্তরাষ্ট্রের রাজ্য হওয়ার সব সুবিধা ভোগ করতে চায়। খবর বিডিনিউজের।

শুক্রবার রাতে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে গেলে বেশ কিছু কানাডীয় পণ্যে যুক্তরাষ্ট্র নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপের পর প্রথম মুখ খুলেই ট্রাম্প একথা বলেন। তিনি আরও অভিযোগ করেন যে, বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের কৃষকদের ওপর বিপুল পরিমাণে শুল্ক চাপিয়ে এসেছে কানাডা। এর আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের এই নতুন মার্কিন শুল্ককে কানাডার ক্ষতি করা ও বিভক্ত করার জন্য নেওয়া একটি ভুল হিসাব বলে আখ্যা দেন। কার্নি নিশ্চিত করেন যে, আগামী ৮ সেপ্টেম্বর থেকে ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালি সামগ্রী ও ইলেকট্রনিক্সসহ মার্কিন পণ্যের ওপর সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা।

তিনি বলেন, দুই দেশ এখন বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে। কার্নি আরও বলেন, তারা চেয়েছিল অনেক বেশিকিছু আর বিনিময়ে খুব কম দিতে চেয়েছিল। আপনি যখন আক্রান্ত হবেন, তখন আপনি যুদ্ধে আছেন। আমরা আক্রান্ত হয়েছি। ট্রাম্পের সামপ্রতিক মন্তব্য তার ক্ষমতায় ফেরার পর কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য বানানো নিয়ে তার একাধিকবার দেওয়া বক্তব্যেরই প্রতিফলন, যা কানাডার নেতা ও নাগরিকদের মধ্যে ক্ষোভ সঞ্চার করেছে। সমাধানের কোনও স্পষ্ট পথ ছাড়াই আলোচনা ভেস্তে যাওয়া দুই দেশের বাণিজ্য সম্পর্কে বড় ধাক্কা দিয়েছে। এ সপ্তাহের শুরুতে একটি চুক্তির ব্যাপারে দুই দেশ আশা প্রকাশ করলেও শেষ মুহূর্তে একে অপরের বিরুদ্ধে প্রস্তাব পরিবর্তনের অভিযোগ তুললে আলোচনা ভেস্তে যায়।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর সুপারম্যান
পরবর্তী নিবন্ধমার্কিন অর্থনৈতিক যুদ্ধ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করলো ইরান