স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটকের পর মুচলেকায় মুক্ত

প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের আবদুল্লাহ (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের একটি দলের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে দেওয়া হলেও পরে দুই পক্ষের সমঝোতায় তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা যায়, গত শনিবার (২২ আগস্ট) বিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহকে (১৫) স্কুল গেট থেকে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য তুলে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন সহকর্মী ও শিক্ষকদের নিয়ে বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। পরে প্রধান শিক্ষক দ্রুত বটতলী স্টেশনের একটি রেস্টুরেন্টের সামনে গিয়ে আবদুল্লাহর সহপাঠী ও ঘটনার সাথে জড়িত আয়ানকে আটক করেন। তবে ততক্ষণে আবদুল্লাহকে মারধর করা অন্য কিশোরেরা পালিয়ে যায়। এরপর আয়ানকে লোহাগাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ আবদুল্লাহ ও আয়ান দুজনকেই হেফাজতে নেয়। দিনভর নানা নাটকীয়তার পর রাতে দুই পরিবারের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় এক যুবদল কর্মীর সহায়তায় সমঝোতা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমনকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে নিজেকে ‘ডেভিড জিহাদ’ পরিচয় দিয়ে এক ব্যক্তি প্রধান শিক্ষককে তার ও পরিবারের সদস্যদের নিয়ে হুমকি দিতে শোনা যায়। যে মুঠোফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল সেটির মালিক লোহাগাড়ার বার আউলিয়া কলেজের শিক্ষার্থী রিপন। তার দাবি, জিহাদ নামের ওই ব্যক্তি তার পরিচিত। তিনি তার মুঠোফোন নিয়ে কাউকে কল করেছিলেন। তবে কাকে বা কেন কল করেছিলেন, তা তিনি জানেন না।

প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন জানান, স্কুলের নিরাপত্তার স্বার্থে আমরা প্রথমে বিষয়টি থানাকে অবহিত করি। ছেলেগুলো ছোট হওয়ায় ও তাদের অভিভাবকেরা ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে নিশ্চয়তা দেওয়ায় থানায় বসে আমরা সমঝোতায় এসেছি। তবে হুমকির ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ বিষয়ে পরে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, স্কুলশিক্ষার্থীকে নিয়ে একটি ঘটনা ঘটেছে। তবে ‘ডেভিড জিহাদ’ পরিচয়ে দেওয়া হুমকির বিষয়ে কোনো লিখিত অভিযোগ বা কল রেকর্ডের কথা তিনি অবগত নন।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি
পরবর্তী নিবন্ধসৈকতঘেঁষা সড়ক, কক্সবাজারের পর্যটনে নতুন সম্ভাবনা