গাছখেকো সালাউদ্দিনের দুই সহযোগী গ্রেপ্তার

কেইপিজেডে অস্ত্র নিয়ে মহড়া

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা আলোচিত ‘গাছখেকো’ সালাউদ্দিনের সহযোগী বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার ভোরে কর্ণফুলীর ইছানগর ও আনোয়ারা উপজেলার বারশত এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কর্ণফুলীর চরপাথরঘাটা খোয়াজনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. সাইফুল আলম (২৭) এবং আনোয়ারা উপজেলার বারশত পশ্চিম চাল এলাকার মো. আলীর ছেলে মো. আরিফুল ইসলাম জুয়েল (৩০)। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মে কেইপিজেডের প্রধান ফটক এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনেও হামলা চালানো হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি, ইট ও ভাঙা কাঁচের টুকরো উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কর্ণফুলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলার দুই নম্বর আসামি হিসেবে আলোচিত ‘গাছখেকো’ সালাউদ্দিনের নাম রয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার সাইফুল ও জুয়েল ওই মামলার আসামি এবং সালাউদ্দিনের সহযোগী। এর আগে গত ৩ আগস্ট আলোচিত সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। কর্ণফুলী থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘গ্রেপ্তার দুজন আলোচিত সালাউদ্দিনের সহযোগী। তাঁদের রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তার যুবকের বাসায় তল্লাশি, জাল টাকা তৈরির মেশিন উদ্ধার
পরবর্তী নিবন্ধবিডা বেজা ও পিপিপিএ একীভূত হয়ে ইনভেস্ট বাংলাদেশের যাত্রা