মহেশখালীতে গৃহবধূর আত্মহত্যা

স্বামীর সাথে অভিমান

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ১০:০৯ পূর্বাহ্ণ

মহেশখালীতে বাপের বাড়িতে বেড়াতে এসে স্বামীর সঙ্গে অভিমান করে ফরজানা নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ফরজানা (২৪) উপজেলার কুতুবজোম ইউনিয়নের দৈলারপাড়া গ্রামের আবুল ইউসুফের মেয়ে। তিনি এক বছর বয়সী এক কন্যাসন্তানের জননী।

পরিবার সূত্রে জানা যায়, ঢাকার বিমানবন্দর এলাকার শ্বশুরবাড়ি থেকে গত ১৯ আগস্ট স্বামীর সঙ্গে অসুস্থ মাকে দেখতে বাপের বাড়ি মহেশখালীর দৈলারপাড়ায় আসেন ফরজানা। গতকাল শুক্রবার স্বামী মোক্তার তাকে পুনরায় ঢাকায় ফিরে যেতে বললে তিনি আরও কয়েকদিন বাপের বাড়িতে থাকতে চান। এ নিয়ে স্বামীস্ত্রীর মধ্যে অভিমান হয় বলে পরিবারের সদস্যরা জানান।

পরে স্বামী তাদের শিশুকন্যাকে নিয়ে তানিয়া কালামিয়া বাজারে নাস্তা করতে গেলে বিকেল ৪টায় ফরজানা ঘরের ভেতরে গলায় ফাঁস দেন বলে দাবি পরিবারের। মহেশখালী থানার ওসি আব্দুস সুলতান বলেন, ঢাকা থেকে কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসে তিনি আত্মহত্যা করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাভার্ডভ্যান চাপায় বাইক আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড