কক্সবাজারের পেকুয়ায় মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক নির্মূল, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (১৭ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া স্টেশনে পেকুয়া থানা পুলিশের উদ্যোগে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। সভায় বক্তব্য দেন শিলখালী বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সুনয়ন বড়ুয়া ও শিলখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ। এ সময় পেকুয়া থানার সেকেন্ড অফিসার রিদুয়ানুল হক, এসআই নুর মোহাম্মদ, এসআই পল্লব ঘোষ, শিলখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বক্তারা জানান, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও আস্থা আরও জোরদার করা হচ্ছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।












