আনোয়ারা–কর্ণফুলী সংসদীয় আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম জাতীয় সংসদ সচিবালয়ের সংসদীয় ঊর্ধ্বতন বাছাই কমিটির সদস্য মনোনীত হওয়ায় আনোয়ারার মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের পেশাজীবী জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সেই সাথে এলাকার উন্নয়নসহ এক গুচ্ছ দাবি জানানো হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, সরওয়ার জামাল নিজাম এমপি বিগত সময়ে সংসদ সদস্য থাকাকালীন স্থানীয় জনগণের আশা–আকাঙ্ক্ষা পূরণে কাজ করেছেন। তাই অতীতের ন্যায় তার ওপর উন্নয়ন প্রত্যাশা ও দীর্ঘদিনের বিভিন্ন দাবি–দাওয়া রয়েছে এলাকাবাসীর। নতুন দায়িত্বের মাধ্যমে তিনি এসব বিষয় জাতীয় সংসদে তুলে ধরে বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে বিবৃতিদাতারা আশা প্রকাশ করেন।
বিবৃতিদাতাদের দাবি ও প্রত্যাশাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে– আনোয়ারায় অবস্থিত কাফকো, সিএফএল, ডিএপি সারকারখানাসহ শিল্প প্রতিষ্ঠানগুলোর পরিচিতিতে আনোয়ারার নাম ব্যবহার নিশ্চিত করা। পাশাপাশি এলাকায় থাকা ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে অবৈধ সনদ বাতিলের ব্যবস্থা করা।
বিবৃতিতে আনোয়ারার মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, আইনজীবী, ব্যাংকার, শিক্ষক ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ, এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, এডভোকেট চন্দন বিশ্বাসসহ আরও অনেকে।












