ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক–কান–গলা বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ১১ দিন আগে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমনের নামে’ চাঁদা চেয়ে তার কাছে বার্তা এসেছিল; সেই টাকা পরিশোধে সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। ওই সময়সীমার দুদিন পর অতর্কিত হামলার শিকার হন তিনি। এর ঘণ্টাখানেক পরেই একই নম্বর থেকে বার্তা আসে ‘হাউ ডু ইউ ফিল’। হাসপাতালে ভর্তি এ চিকিৎসক বলছেন, বার্তার নিচে লেখা ছিল ডেভিড ইমনের নাম, যিনি গত ২৭ জুলাই ভারতে পালানোর সময় যশোর সীমান্তে গ্রেপ্তার হন। এরপর থেকে রয়েছেন কারাগারে। ফলে ডেভিড ইমনের নাম ব্যবহার করে কেউ চাঁদা দাবি ও আক্রমণ চালিয়েছে কিনা, সেটি এখনো নিশ্চিত নাহলেও তদন্ত করছে পুলিশ। খবর বিডিনিউজের।
গত ১৭ অগাস্ট রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে অটোরিকশায় ওঠার পর রাত ১১টার দিকে হামলার শিকার হন ৫৫ বছর বয়সি চিকিৎসক আসাদুর রহমান। তার মাথায়, মুখে, চোখে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।
হামলার ওই ঘটনা নিয়ে গতকাল বুধবার কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেন এই অধ্যাপক। হামলার ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী জড়িত থাকতে পারে সন্দেহ করে তিনি বলেন, গত ৬ অগাস্ট বার্তা পাঠিয়ে ১৫ হাজার ডলার চাঁদা চাওয়া হয়। টাকা দিতে বলা হয়েছিল ১৫ আগস্টের মধ্যে। শুরুতে বিষয়টিকে গুরুত্বই দিইনি। বিষয়টি এড়িয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম কোনো ভুয়া গ্রুপ হতে পারে। কিন্তু দেখা গেল, ১৫ তারিখ সময় দেওয়ার পর তারা ১৭ তারিখে এসেই হামলা করল।’
হামলার ঘটনায় পল্টন থানায় মামলা করেছেন এ চিকিৎসক। এজাহারে তিনি ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি ১৫ হাজার ডলার চাঁদা দাবির বিষয়টি উল্লেখ করেন। তবে এজাহারে ডেভিড ইমনের নাম বা হামলার পরে বার্তা পাঠানোর বিষয়টি নেই।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এডিসি নিয়াজ মেহেদী বলেন, ‘পরশু দিন (১৭ অগাস্ট) ঘটনাটা ঘটেছে। চারজন পথরোধ করে তার ওপর হামলা করেছে বলে এজাহারে বলা হয়েছে। ঘটনাস্থল থেকেই হাতেনাতে একজনকে ধরা হয়েছে। এই লোকটাকে এখন পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বাকি বিষয়গুলো উদঘাটনের চেষ্টা চলছে।’
ডেভিড ইমনের নামে চাঁদার বার্তা পাঠানো হলেও তিনি তো কারাগারে। আদতে তার নাম ব্যবহার করা হয়েছে কি না, সেটাও নিশ্চিত নয় পুলিশ। পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদ বলেন, ‘হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জীবন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদা দাবি বা নেপথ্যে কারা আছে এসবই তদন্ত করে দেখা হচ্ছে।’












