৯ মাস পর বোন ও স্ত্রীর দেখা পেলেন ইমরান খান

| বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘ ৯ মাস পর বোন ও স্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আদালত সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের অনুমতি দেওয়ার পর মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পরিবারের সঙ্গে এই সাক্ষাৎ হয় ইমরানের। খবর বিডিনিউজের।

পাকিস্তানের তেহরিকইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান ২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। আলকাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় বর্তমানে তিনি ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, আদালতের নির্দেশের পর চলতি বছরে প্রথমবারের মতো ইমরান খানের সঙ্গে তার বোন নওরীন নিয়াজির প্রায় ১৫ মিনিটের সাক্ষাৎ হয়।

কারাগারের কনফারেন্স রুমে এই সাক্ষাতে তারা ইমরান খানের স্বাস্থ্য ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন। নওরীন তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সুপ্রিম কোর্ট থেকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্তের বিষয়টিও জানান। তবে সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়ে বলেছে, পরিবার বা স্বজনদের সঙ্গে এই সাক্ষাৎকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা হলে ইমরান খানকে দেওয়া এই সুবিধা বাতিল করা হবে। নিরাপত্তা ও আদালতের বিধিনিষেধের কারণে ইমরান খানের অন্য দুই বোন আলীমা খান ও উজমা খান এবং ফুফাতো ভাই কাসিম জামানকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এছাড়া পিটিআইয়ের কোনো রাজনৈতিক নেতাকেও এই সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি।

পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, আদিয়ালা কারাগারে আলাদাভাবে কারাবন্দি ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির মধ্যে কনফারেন্স রুমে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট কথা হয়। একই দিনে বুশরা বিবিও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাবেক স্বামী খাওয়ার মানেকার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ইমরান খানকে বিয়ে করেন বুশরা বিবি। মঙ্গলবার আদিয়ালা কারাগারে সেই প্রথম সংসারের দুই সন্তান মুসা মানেকা ও মুবাশশারা মানেকা এবং ননদ মেহেরুন্নিসার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাদের এই পারিবারিক আলাপচারিতা প্রায় ৪০ মিনিট ধরে চলে। এর আগে শীর্ষ আদালত সাবেক এই প্রধানমন্ত্রীকে দুই দিনের মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর এবং আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে রেখে সুচিকিৎসার নির্দেশ দিয়েছে। একটি বেসরকারি হাসপাতালে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবিতে করা আবেদনের ওপর আগামী ১৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধকেন আরো দুটি ‘সি গার্ডিয়ান’ ড্রোন ভাড়া নিল ভারত?
পরবর্তী নিবন্ধঢাকায় চিকিৎসকের ওপর হামলা : চাঁদা চাওয়া হয়েছিল ‘ডেভিড ইমনের নামে’