ফ্রান্সের রাজধানী প্যারিসের সড়কে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার আকস্মিক প্রয়াণের প্রায় ৩০ বছর হতে চলেছে। আর ঠিক এই সময়ে ডায়ানাকে নিয়ে নতুন বই প্রকাশ করতে চলেছেন তার ছোট ভাই আর্ল স্পেন্সার। তিনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বোন ডায়ানার জীবনের প্রকৃত সত্য তুলে ধরতে বইটি লিখেছেন। খবর বিডিনিউজের।
বিবিসি জানায়, আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাজ্যে প্রকাশ পাচ্ছে ‘সোয়ান সং : ডায়ানা, মাই সিস্টার’ শিরোনামের এই বই। এটি প্রকাশ করছে পেঙ্গুইন র্যান্ডম হাউসের সহযোগী প্রতিষ্ঠান পেঙ্গুইন মাইকেল জোসেফ।
১৯৯৭ সালে প্যারিসে মাত্র ৩৬ বছর বয়সে প্রাণ হারান ডায়ানা। বেঁচে থাকলে চলতি বছরের ১ জুলাই তার বয়স হত ৬৫ বছর। সে সময় মা–হারা হওয়া তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির বয়স ছিল যথাক্রমে ১৫ ও ১২ বছর।
আর্ল স্পেন্সার জানান, ডায়ানার মৃত্যুর ৩০ বছর পূর্তি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সংবাদমাধ্যম থেকে তার কাছে সাক্ষাৎকার দেওয়ার জন্য অনেক অনুরোধ আসে। আর এ থেকেই তিনি তার নিজের চিন্তা ও স্মৃতিকথা শেষবারের মতো লিখে রাখতে উৎসাহ পেয়েছেন। স্পেনসার বলেন, ডায়ানাকে নিয়ে অন্যদের অসত্য বা ভুল মতামত, যা মানুষ সময়ের সঙ্গে সঙ্গে সত্য বলে মেনে নিয়েছে, সেগুলো বারবার পড়ার অস্বস্তি থেকে বেরিয়ে নিজের স্মৃতি ও অভিজ্ঞতা থেকে বই লেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।










