বর্তমান সরকার প্রবর্তিত সারা দেশব্যাপী ক্রীড়া ইভেন্ট ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রথমবারেই ব্যাপক সাড়া ফেলে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিদপ্তর আয়োজিত এই নতুন ক্রীড়া ইভেন্ট দেশের ক্ষুদে ক্রীড়াবিদদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। এবারও শুরু হয়েছে এই ক্রীড়া ইভেন্টের রেজিস্ট্রেশন পর্ব। নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭ সিজন–২ এর রেজিস্ট্রেশন গত ১ জুলাই থেকে শুরু হয়েছে। এটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ১০ থেকে ১৪ বছর বয়সী ছাত্র–ছাত্রী যাদের জন্ম তারিখ ০১.০৯.২০১২–৩১.৯.২০২৬ এর মধ্যে তারাই এ প্রতিযোগিতায় আবেদনের সুযোগ পাচ্ছে। এই ক্রীড়া আয়োজনের প্রথম আসরে রেজিস্ট্রেশনের দিক থেকে সারাদেশের মধ্যে চট্টগ্রাম ছিল দ্বিতীয় স্থানে। বিগত প্রথম পর্বের প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলার মোট রেজিস্ট্রেশন ছিল ৯৫১৩ জন। এর মধ্যে বালকদের সংখ্যা ছিল ৭২৫৬ জন। অন্যদিকে বালিকাদের সংখ্যা ছিল ২২৫৭ জন। এবারও নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্বে চট্টগ্রাম এগিয়ে থাকতে চায়। এবার সেই সংখ্যা আরো বাড়াতে চায় স্থানীয় প্রশাসন। গতবারের চাইতে তা বাড়িয়ে এবার তিন থেকে চার গুণ বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে চায় তারা। এ লক্ষ্যে কাজ করছে জেলা প্রশাসক, চট্টগ্রাম এবং জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম। সে কাজের প্রেক্ষাপটে দ্বিতীয় পর্বে পরিচালিত রেজিস্ট্রেশন কার্যক্রমকে জোরদার করা হয়েছে। বর্তমানে চলমান রেজিস্ট্রেশন কার্যক্রমে গতকাল ১৭ আগস্ট পর্যন্ত প্রায় ৩০০০ জন ক্ষুদে ক্রীড়াবিদের নাম রেজিস্ট্রশন করা হয়েছে। এর মধ্যে বালকদের সংখ্যা ৮০ শতাংশ। সে তুলনায় বালিকাদের সংখ্যা কম।
২০ শতাংশ বালিকা তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। যা অবস্থানের দিক থেকে সারা দেশের মধ্যে ৪র্থ। নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নিতে পারছে নগরীর ৫টা শিক্ষা থানা ও ১৬টি উপজেলার বালক বালিকারা। এর মধ্যে রেজিস্ট্রেশনের দিক থেকে এগিয়ে আছে বাঁশখালী, আনোয়ারা, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলা। অন্যদিকে পিছিয়ে আছে সন্দ্বীপ উপজেলা। গতকাল চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী দৈনিক আজাদীকে জানান, এবার নতুন কুড়ি স্পোর্টসের পরিসর বাড়ানো হয়েছে। আন্তঃ ইউনিয়ন পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে। ১৯৪টি ইউনিয়ন, ১৫টি পৌরসভা, ৫টি শিক্ষা থানার ৪১টি ওয়ার্ড মোট ২৫০টি পর্যায় থেকে বালক বালিকারা খেলায় অংশ নেবে। তিনি জানান, আমাদের লক্ষ্য প্রতিটি স্থান থেকে ১৭৬ জন প্রতিযোগীকে অংশগ্রহণের সুযোগ করে দেব। সে হিসেবে ৪৪,০০০ প্রতিযোগি চট্টগ্রাম থেকে অংশ নেয়ার সুযোগ পাবে। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী আরো জানান ১০টি ক্রীড়া ইভেন্টে সারাদেশ থেকে ১৪ লক্ষ প্রতিযাগীকে রেজিস্ট্রশনের আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর মধ্যে থেকে যাচাই বাছাইয়ের পর ১০ লক্ষ ৩৮ হাজার বালক–বালিকা পরবর্তী প্রতিযোগিতায় অংশ নেবে। এবারের প্রতিযোগিতায় মোট ইভেন্ট সংখ্যা ১০টি। বিগত প্রথম পর্বে ছিল ৮টি ইভেন্ট। যথাক্রমে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট (কারাতে, উশু, তাইকোয়ানডো, জুডো) এবং সাঁতার। এবার এর সাথে যুক্ত হয়েছে নতুন দুটি ইভেন্ট। সে দুটি হচ্ছে ভলিবল ও টেবিল টেনিস।
একজন প্রতিযোগী সর্ব্বোচ ২টি খেলায় অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে অনলাইন ভেরিফাইড জন্মনিবদ্ধন সনদ,শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র,৬ষ্ঠ বা ৮ম শ্রেণির ভর্তি, রেজিস্ট্রেশন কার্ড/প্রাথমিক বিদ্যালয়ে (৫ম শ্রেণী পর্যন্ত) অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্ববর্তী বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি, স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণির সত্যায়িত টট লিস্ট এর কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে : notunkisport.gov.bd












