এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ১০:০৭ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপ এবং জাপানের আইচিনাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের জন্য নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর দুবাইয়ে নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। ‘এ’ গ্রুপে রয়েছেসাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড এবং হংকং (চীন)। ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলংকার মুখোমুখি হবে তারা। ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালের টিকিট পাবে। ১০ ও ১১ সেপ্টেম্বর দু’টি সেমিফাইনাল এবং ১৩ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।

এদিকে, টুর্নামেন্টের অন্যান্য দলের চেয়ে র‌্যাংকিংয়ে ভালো অবস্থায় থাকায় এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে ১৭ সেপ্টেম্বর কোরোগি অ্যাথলেটিক পার্কে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি জিতলে সেমিফাইনালে ভারত বা জাপানের বিপক্ষে খেলবে তারা।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

পূর্ববর্তী নিবন্ধমনিকা-রুপনাদের হার ঋতুপর্ণাদের জয়
পরবর্তী নিবন্ধদ্বিতীয় পর্বে রেকর্ড সংখ্যক রেজিস্ট্রেশনের লক্ষ্য চট্টগ্রামের