অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দেওয়া বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। বাংলাদেশের এই জয়কে ‘এপিক’ বা মহাকাব্যিক জয় হিসেবে উল্লেখ করেছেন ওয়াসিম। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতি এবং দলটির অগ্রাধিকারের জায়গাতেও পরিবর্তন এসেছে বলে মনে করেন তিনি। ওয়াসিম আকরাম লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের কী দারুণ এক জয়! এই জয় দেখিয়ে দিয়েছে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কতটা উন্নতি করেছে এবং তাদের অগ্রাধিকার এখন কোথায়।’ তানজিদের সেঞ্চুরি নিয়ে ওয়াসিম বলেন, ‘সবাই কোনো না কোনোভাবে অবদান রেখেছে। ওপেনার তানজিদ দুর্দান্ত একটি সেঞ্চুরি করেছে।’ হাসানের বোলিং নিয়ে পাকিস্তানের কিংবদন্তি পেসার বলেন, ‘হাসান মাহমুদের বোলিংয়ে আমি খুবই মুগ্ধ। সে দারুণ লেংথে বল করেছে। খুব বিশেষ কিছু করার চেষ্টা করেনি, কিন্তু টেস্ট ক্রিকেটের জন্য যে সঠিক লেংথে বল করতে হয়, সেটাই করেছে।’












