এখনই জয়-পরাজয় নিয়ে ভাবতে চান না শান্ত

অস্ট্রেলিয়াকে হারাতে আত্মবিশ্বাসী মিরাজ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

ডারউইন টেস্টে চতুর্থ দিনের আগে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের হাতে। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়ার পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে চার উইকেট তুলে নিয়েছে টাইগাররা। তবে ম্যাচের এমন অবস্থাতেও জয়পরাজয়ের হিসাব নিয়ে এখনই ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওদিকে বাংলাদেশের অন্যতম পারফর্মার মেহেদি হাসান মিরাজ অস্ট্রেলিয়াকে হারাতে আত্মবিশ্বাসী। অধিনায়ক শান্তর দৃষ্টি দলের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন এবং সেশন ধরে ভালো ক্রিকেট খেলার দিকে। তৃতীয় দিনের খেলা শেষে ফক্স ক্রিকেটকে শান্ত জানান, শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল অন্তত পাঁচ দিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা। শান্ত বলেন, ‘পরিকল্পনাটা ছিল এমনই, অন্তত পাঁচ দিন ক্রিকেট খেলতে হবে। তবে আমরা যেভাবে খেলছি এবং শেষ তিন দিন যেভাবে খেলেছি, সেটা অসাধারণ।’ এত বড় লিড পাওয়ার পরও শান্ত এখনই ম্যাচের ফলাফল নিয়ে ভাবতে রাজি নন। বরং প্রতিটি সেশন ধরে পরিকল্পনা বাস্তবায়ন করাই বাংলাদেশের লক্ষ্য বলে জানান তিনি। শান্ত যোগ করেন, ‘আমরা ফলাফলের দিকে তাকাচ্ছি না। সেশন ধরে ধরে এগোচ্ছি, প্রক্রিয়া অনুসরণ করছি।’ চতুর্থ দিনের শুরুতেই ম্যাচের সমীকরণ বদলে দেওয়ার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার। গ্রিন ও ক্যারি যদি জুটি লম্বা করতে পারেন, তাহলে প্রথমে বাংলাদেশের লিড টপকে যাওয়ার পর বড় লক্ষ্য দেওয়ার পথ খুলবে স্বাগতিকদের সামনে। বিপরীতে বাংলাদেশ চাইবে দ্রুত এই জুটি ভেঙে দিয়ে বাকি ছয় উইকেট তুলে নিতে। ফলে ডারউইন টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই বড় পরীক্ষা অপেক্ষা করছে দুই দলের জন্য। এদিকে মিরাজের মতে ম্যাচে এখনো বড় ব্যবধানে এগিয়ে টাইগাররা। আর এই ঘুরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল নিজেদের ওপর বিশ্বাস। মিরাজের কাছে সেই আত্মবিশ্বাসের কারণও পরিষ্কার। তিনি বলেন, ‘কেউ কখনো যদি কোন কিছু চিন্তাই না করে, সেটা তো করে দেখানো সম্ভব হয় না। সো আমরা চেষ্টা করি ঐটা চিন্তা করার জন্য যে, আমরা জিততে পারি এই কন্ডিশনেও।’ বাংলাদেশের এই বিশ্বাস অবশ্য হাওয়ায় তৈরি হয়নি। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের উদাহরণ সামনে রেখে নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখেছিল দল। মিরাজ বলেন, ‘রেফারেন্স হিসেবে যদি আপনি দেখেন যে নিউজিল্যান্ডে আমরা ম্যাচ জিতেছিলাম। সো আমরা পারি, এর আগেও করেছি। আমাদের ওই বিশ্বাস এসেছে।’ মিরাজের নিজের পারফরম্যান্সও এই ঘুরে দাঁড়ানোর গল্পের অংশ। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় সাফল্যকেই বড় করে দেখছেন মিরাজ। তিনি বলেন, ‘বাংলাদেশ এরকম একটা মোমেন্টাম পেয়েছে। আমরা ভালো করছি এবং এটা এখনই শেষ না। আরও দুইটা দিন আছে। সো এই ভালোটা যেন আমরা শেষ না করে দিই, আমরা ওইভাবেই চেষ্টা করছি।’

পূর্ববর্তী নিবন্ধগরীবে নেওয়াজ, নাসিরাবাদ ও মাতব্বর আলী স্কুলের জয়
পরবর্তী নিবন্ধআজীবন নিষিদ্ধ অ্যাথলেট জান্নাত-কবিতা