টেস্টে বাংলাদেশী বোলার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন ডান–হাতি পেসার হাসান মাহমুদ। এতে ভেঙ্গে গেছে বাংলাদেশের সাবেক বাঁ–হাতি স্পিনার মোহাম্মদ রফিকের ২০ বছরের পুরনো রেকর্ড।
গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন ১৭ ওভার বল করে ৫৫ রানে ৬ উইকেট নেন হাসান। টস জিতে ব্যাট হাতে নামা অস্ট্রেলিয়া দলের ৪৫ রানের সূচনার পর জোড়া আঘাত হানেন হাসান। দুই ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডকে সাজঘরে পাঠান তিনি। এরপর অস্ট্রেলিয়ার শেষ ৪ উইকেট শিকার করে ১৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট পূর্ণ করেন হাসান। ইনিংসে ১৭ ওভার বল করে ৫৫ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশী বোলার হিসেবে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন রফিক। ২০০৬ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লা টেস্টের প্রথম ইনিংসে ৩২.২ ওভার বল করে ৬২ রানে ৫ উইকেট নিয়েছিলেন রফিক। ২০ বছর পর রফিকের রেকর্ড ভাঙ্গলেন ২৬ বছর বয়সী হাসান।












