লিটনের ফেরা নিয়ে স্বস্তির খবর দিলেন শান্ত

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

মারারা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে স্বস্তির খবর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেটরক্ষক লিটন দাসকে নিয়ে ছিল দুশ্চিন্তা। কারণ চোট আঘাত নিয়েই তাকে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যাওয়া হয়। শান্ত জানিয়েছেন, লিটন শতভাগ ফিট। একই সঙ্গে সফরকারীরা দুই স্পিনার নিয়ে মাঠে নামতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। অভিজ্ঞ উইকেটরক্ষকব্যাটার লিটন বাঁ পায়ের পেশিতে চোট পাওয়ায় জুন থেকে মাঠের বাইরে ছিলেন এবং দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে তাকে শুরুতে পাওয়া যাবে না বলেই জানানো হয়েছিল। তবে শেষ মুহূর্তে দলে যোগ করা হয়েছে তাকে। আজ বৃহস্পতিবার ডারউইনে প্রথম টেস্টে মাঠে নামার কথা তার। প্রস্তুতি ম্যাচে এক ইনিংস ও ৩৮ রানে হেরে যাওয়া বাংলাদেশের জন্য লিটনের ফেরাটা বড় স্বস্তির খবর। প্রথম টেস্টের আগে শান্ত গতকাল সাংবাদিকদের বলেন, ‘লিটন আমাদের ব্যাটিংয়ে গভীরতা এনে দেয়। সে ধারাবাহিক। টেস্ট ম্যাচে আমাদের ব্যাটিং ইউনিট ভালো করবে বলে আমরা আশাবাদী।’ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সফর করছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফর করেছিল তারা। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দলের বিপক্ষে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। তার ওপর চোট কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও ন্যাথান লিওর মতো অভিজ্ঞ বোলাররা। লিটনের দলে থাকার বিষয়টি নিশ্চিত করলেও একাদশের বাকি সদস্যদের বিষয়ে গতকাল কিছু জানাননি শান্ত। উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। এরমধ্যেই পাঠকরা জেনে যাবেন নিশ্চয়ই বাংলাদেশের টেস্ট স্কোয়াড। তবে বাংলাদেশের একাদশে দুই মূল স্পিনারমেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম দুজনেরই থাকার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক। শান্ত বলেন, ‘উইকেট ভালো মনে হচ্ছে। আমার মনে হয়, আমরা হয়তো স্বাভাবিক কম্বিনেশনেই যাব, দুই স্পিনার ও তিন পেসার। তবে কন্ডিশন বিবেচনায় আগামীকাল(আজ) আবার উইকেট দেখার সুযোগ পাব। এরপর কন্ডিশন অনুযায়ী সিদ্ধান্ত নেব।’ চোটের কারণে বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম দলে নেই। তাদের অনুপস্থিতিতে আক্রমণের নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। তাকে সহায়তা করবেন এবাদত হোসেন, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও মুশফিক হাসানের মধ্যে অন্তত দুজন। তাসকিন বলেন, ‘আমরা তাদের, বিশেষ করে রানাকে খুব মিস করব। বর্তমানে বিশ্ব ক্রিকেটে সে বড় হুমকি।’ ‘তবে আমি এবং দলের অন্য কয়েকজন বোলারের কিছুটা অভিজ্ঞতা আছে। তাই দেখা যাক আমরা কেমন করি। অস্ট্রেলিয়ায় খেলাটা বোলারদের জন্য দারুণ সুযোগ। রানা ও শরিফুল এখানে থাকলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতো। তারপরও আমরা ভালো করার আশা করছি।’

এদিকে বাংলাদেশের বিপক্ষে ডারউইনে প্রথম টেস্টের জন্য সতীর্থ পেসার স্কট বোল্যান্ডকে টপকে জশ হ্যাজেলউডকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার ন্যাথান লিঁও। পুরোপুরি ফিট হয়ে ফেরা হ্যাজেলউড এক বছরেরও বেশি সময় পর আবার দীর্ঘদিনের পেস সঙ্গী প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের সঙ্গে একাদশে ফিরেছেন। অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা করার সময় হ্যাজেলউড ও বোল্যান্ড সম্পর্কে অধিনায়ক কামিন্স সাংবাদিকদের বলেন, ‘দুজনই দারুণ মানের বোলার। আমরা নিশ্চিত ছিলাম যে ‘লায়োনো’কে(লায়ন) দলে চাই। তাই পেসারদের সমন্বয়টা কেমন হবে, সেটিই ঠিক করতে হয়েছে।’

চাপের মধ্যে থাকা ক্যামেরন গ্রিন দলে জায়গা ধরে রেখেছেন। তিনি পাঁচ নম্বরে ব্যাট করবেন। আরেক অলরাউন্ডার বিউ ওয়েবস্টার রয়েছেন সাত নম্বরে। তাদের মাঝে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি খেলবেন ছয় নম্বরে। ট্রাভিস হেডের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন জেক ওয়েদারাল্ড। তিন নম্বরে মার্নাস লাবুশেন এবং চার নম্বরে স্টিভ স্মিথ। মারারা ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি ডারউইনে ইতিহাসের মাত্র তৃতীয় টেস্ট।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশের