মীরসরাই উপজেলার আবুতোরাব বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩–এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে চার ফার্মেসিকে মোট ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে আবুতোরাব বাজারের অবকাঠামো, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতিও পরিদর্শন করা হয়। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম, উপজেলা প্রকৌশলী সাফায়াত ফারুক চৌধুরী, বাজার কমিটির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইউএনও সোমাইয়া আক্তার বলেন, জনস্বার্থে বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং ফার্মেসিগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। ওষুধ ও কসমেটিকস আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। আইন অমান্য করে অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।












