খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে ৫ বস্তা গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটক প্রেমরাছো মারমা পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়া গ্রামের অংগিও মারমার স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে গুইসাপগুলো উদ্ধার করে। পরে আটক নারীকে খাগড়াছড়ি সদর থানায় পাঠানো হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দুর্জয় গোস্বামী।
আটক নারী জানান, চট্টগ্রামের বারইয়ারহাট থেকে ২২ হাজার টাকা দিয়ে গুইসাপগুলো কিনে বিক্রির জন্য খাগড়াছড়িতে নিয়ে এসেছিলেন।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, পাঁচ বস্তায় মোট ২৪টি গুইসাপ পাওয়া গেছে। এর মধ্যে ১০টি জীবিত ও ১৪টি মৃত ছিল। জীবিত গুইসাপগুলো আলুটিলার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে। মৃত গুইসাপগুলো মাটিচাপা দেওয়া হয়েছে। বন কর্মকর্তা বলেন, বন্যপ্রাণী প্রকৃতির অলংকার। বন্যপ্রাণী ধরা বা শিকার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ নিয়মিত অভিযান চালাবে বলেও জানান তিনি।











