পটিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. কাউছারকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেল ৩টায় ছনহরা ইউনিয়নের বরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কাউছার মিয়া (৪৩) পটিয়ার ছনহরা ইউনিয়নের বরিয়া ৯নং ওয়ার্ড গফুরের বাড়ির মৃত নাসির মিয়ার পুত্র। গতকাল বুধবার দুপুরে তাকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। সর্বশেষ ৯শ’ লিটার মদের এজাহার নামীয় পলাতক আসামি হিসেবে একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্য্য জানিয়েছেন।
স্থানীয় বিভিন্ন পেশার মানুষ নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, মাদক ব্যবসায়ী কাউছার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সুরক্ষিত সাম্রাজ্য গড়ে তুলেছে। সে তার বরিয়া এলাকায় মুরালি খালের পাশে বাড়ি নির্মাণ করেছে। যে খাল দিয়ে সে পার্শ্ববর্তী আনোয়ারাসহ বিভিন্ন এলাকায় এ মাদকের চালানগুলো পাঠিয়ে থাকে। এসব মাদক পরিবহনে তার একটি ইঞ্জিন চালিত বোটও রয়েছে বলে স্থানীয়রা দাবি করেন।
স্থানীয়রা আরো জানান, তার বেতনভুক্ত তিনজন কর্মচারী রয়েছে। তারা হলেন মো: মিয়া, মো. মঞ্জু ও নয়ন। বর্তমানে মো. মিয়া ৯শ’ লিটার মাদকের মামলায় জেলে রয়েছে বলে পুলিশ জানায়।
মাদক সম্রাট কাউছার এ তিন সহযোগীর মাধ্যমে পটিয়া ও আনোয়ারায় বিশাল মাদক সাম্রাজ্য গড়ে তুলেছে। গত এক দশকে কয়েক কোটি টাকার মালিক বনেছে। তার নিদিষ্ট কোনো ব্যবসা না থাকলেও, বিশাল পাকা অট্টালিকা তৈরি করেছে মাদক বিক্রির টাকায় –এমন দাবি এলাকাবাসীর। আরো জানা যায়, তার কাছে সরকারি দল কোনো বিষয় নয়, যখন যে দল ক্ষমতায় থাকে, সে দলের প্রভাবশালী নেতাদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে এবং প্রশাসনের কতিপয় ব্যক্তিকে দেওয়া মোটা অংকের টাকার বিনিময়ে চলে তার অধরা মাদক সম্রাজ্য।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শেষ রাতে পিকআপ ও অটোরিকশা ভর্তি করে তার কাছে আসে মাদকের চালান। সে মাদকগুলো মুরালি খালে তার নিজস্ব ইঞ্জিন চালিত বোটে রেখে সেখান থেকেই বিভিন্ন স্থানে ভোর বেলায় পৌঁছে দেয়। এভাবে এক যুগের অধিক সময় ধরে সে এলাকায় মাদক সম্রাজ্য ও হাট বসালেও, তার সাম্রাজ্য অধরা থেকে যাওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, গ্রেপ্তারের পর মাদক ব্যবসায়ী মো. কাউছার মিয়াকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।










