বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে বিপণি বিতান ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
গত জুন মাস থেকে মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময় এক ঘণ্টা কমিয়ে আনা হল। একই সঙ্গে বিদ্যুতের ওপর চাপ কমাতে আলোকসজ্জা ও বিলবোর্ড ব্যবহারের ক্ষেত্রেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
দেশের বিভিন্ন স্থানে চলমান ও আয়োজিত সব ধরনের মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে সব আলোকিত বিলবোর্ড এবং সব ধরনের আলোকসজ্জা ও লাইটিং বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, জরুরি সেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ সময়সীমার আওতায় থাকবে না।
এর মধ্যে রয়েছে খাবারের হোটেল ও রেস্তোরাঁ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি এবং জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিক্রির দোকান। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতে এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমিতি ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।












