চট্টগ্রাম বন্দরের ইতিহাসে কোন জাহাজে রপ্তানি পণ্যবাহী কন্টেনার জাহাজীকরণে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ১১ নম্বর জেটি থেকে মার্স্ক লাইনের জাহাজ এমভি মার্স্ক বিনতুলোতে ১ হাজার ৭৮৪ টিইইউএস কন্টেনার জাহাজীকরণ করা হয়েছে। এর আগে কখনো এক জাহাজে একসঙ্গে এত বেশি রপ্তানি পণ্যবাহী কন্টেনার জাহাজীকরণের রেকর্ড নেই। গতকাল বন্দর এই রেকর্ড সৃষ্টি করল। এর আগে, গত ১৮ জুন এক জাহাজে সর্বোচ্চ ১ হাজার ৪৩৯ টিইইউএস রপ্তানি পণ্যবাহী কন্টেনার জাহাজীকরণের রেকর্ড ছিল। মাত্র ৫৫ দিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড তৈরি হলো। আগের রেকর্ডের তুলনায় এবার ৩৪৫ টিইইউএস বেশি রপ্তানি পণ্যবাহী কন্টেনার জাহাজীকরণ হয়েছে।
বন্দর সূত্র জানায়, এমভি মার্স্ক বিনতুলো জাহাজে রপ্তানি পণ্যবাহী কন্টেনারের পাশাপাশি ১৪৭ টিইইউএস খালি কন্টেনারও জাহাজীকরণ করা হয়েছে। ফলে জাহাজটিতে ১ হাজার ৯৩১ টিইইউএস কন্টেনার জাহাজীকরণ করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর থেকে এক জাহাজে এতো সংখ্যক রপ্তানি পণ্যবাহী কন্টেনার জাহাজীকরণের নতুন এই রেকর্ড দেশের রপ্তানি বাণিজ্যের সক্ষমতা ও বন্দরের অপারেশনাল দক্ষতার একটি গুরুত্বপূর্ণ সূচক বলেও বন্দরের কর্মকর্তারা মন্তব্য করেছেন।












