এক সময়ের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদের অভিনয় থেকে সড়ে দাঁড়ানোর খবরে সরগরম শোবিজ পাড়ায়। তবে এমন কোনো ঘোষণা নাকি দেননি অভিনেতা। সমপ্রতি তার একটি বক্তব্যকে কেন্দ্র করে এমন আলোচনা তৈরি হলেও বিষয়টি পরিষ্কার করে তিনি জানিয়েছেন, ভালো গল্প ও চরিত্র পেলে আবারও অভিনয়ে ফিরতে প্রস্তুত আছেন। এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হাসান মাসুদ জানিয়েছিলেন, বর্তমানে তিনি নিয়মিত অভিনয় করছেন না। খবর বাংলানিউজের। হজ পালন শেষে ধর্মীয় বিষয়েই বেশি সময় দিচ্ছেন বলেও জানান তিনি। এরপর থেকেই তার অভিনয় ছাড়ার খবর ছড়িয়ে পড়ে। পরে এক সাক্ষাৎকারে বিষয়টি ব্যাখ্যা করে অভিনেতা বলেন, তার বক্তব্যের উপস্থাপন ঠিক হয়নি। গত প্রায় দুই বছর ধরে তিনি কোনো নিয়মিত অভিনয়ের কাজে নেই।












