বিসিবির টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হেমিং এর তত্ত্বাবধানে শুরু হয়েছে বিসিবির প্রথম কিউরেটর লেভেল–১ কোর্স। কিউরেটর হতে আগ্রহীদের জন্য এই ধরনের কোর্স এবারই প্রথম আয়োজন করছে বিসিবি। ক্রিকেট মাঠ ও টার্ফ ব্যবস্থাপনায় পেশাদার দক্ষতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে বিসিবির গ্রাউন্ডস কমিটি এই উদ্যোগ নিয়েছে। দুই ধাপের প্রশিক্ষণ পর্বের প্রথম ধাপ গতকাল মঙ্গলবার শুরু হয় চট্টগ্রামে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে দুই দিনের কোর্সটি পরিচালনা করছেন আইসিসি স্বীকৃত কিউরেটর এবং মৃত্তিকা বিশেষজ্ঞ হেমিং। অস্ট্রেলিয়ান এই কিউরেটরের সঙ্গে সহ–প্রশিক্ষক হিসেবে আছেন এই মাঠের দায়িত্বে থাকা বিসিবির অভিজ্ঞ কিউরেটর জাহিদ রেজা বাবু। চট্টগ্রাম পর্বের কোর্সে অংশ নিচ্ছেন কক্সবাজার, চট্টগ্রাম, পূর্বাচল ও ফতুল্লা স্টেডিয়ামের ৩৩জন মাঠকর্মীরা। বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য সচিব মাজহার উদ্দিন জানান, ‘আমাদের তিন–চারজন সিনিয়র কিউরেটর আছেন। এছাড়া সেভাবে আর নতুন কিউরেটর আমরা গড়ে তুলতে পারিনি। যদিও কয়েকজন সিনিয়র সহকারী কিউরেটর আছেন, তাদের সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা বা লেভেল–১ করা ছিল না। আমাদের সিনিয়র কিউরেটর যারা আছেন, তারা দুবাইয়ে গিয়ে এই কোর্স করে এসেছিলেন। এখন আমাদের হেমিংয়ের মতো একজন আছেন, তিনি আইসিসি স্বীকৃত প্রশিক্ষক ও বিভিন্ন দেশে প্রশিক্ষণ দিয়ে থাকেন। তাকে তাই কাজে লাগাচ্ছি। এটির মূল উদ্দেশ্য, দেশের কিউরেটরদের এমনভাবে গড়ে তোলা, যাতে ভবিষ্যতে বিদেশের কিউরেটরদের ওপর আমাদের নির্ভর করতে না হয়। আমাদের চাওয়া হলো, একসময় দেশের ৬৪ জেলায় টার্ফ উইকেটগুলো তৈরি করবে আমাদের কিউরেটররা।’ মাজহার আরো জানান, কোর্সের প্রথম দিনের প্রথম ভাগে ছিল তাত্ত্বিক শিক্ষা, যেখানে মাঠ ও পিচের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, মাটি কীভাবে কাজ করে, পিচ কীভাবে তৈরি করতে হয়, এসব নানা কিছু। দিনের দ্বিতীয়ভাগে এই ব্যাপারগুলি মাঠে তাদেরকে ব্যবহারিকভাবে দেখানো হয়। মেশিনারিগুলোর উপযুক্ত ব্যবহারগুলোও তাদেরকে হাতেকলমে দেখানো হয়। দ্বিতীয় দিনেও এরকম নানা কার্যক্রম শেষে যারা পরীক্ষায় পাস করতে পারবেন, কেবল তারাই সনদ পাবেন। এই কোর্সের ঢাকা পর্ব হবে আগামী ২৩ ও ২৩ অগাস্ট। মিরপুর শের–ই–বাংলা স্টেডিয়ামে ওই পর্বে অংশ নেবেন মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহীর মাঠকর্মীরা। দুই দফায় মোট ৭০ জন মাঠকর্মীর এই কোর্সটি করার কথা।











