বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে শরীর গঠনের বড় আয়োজন ‘মি. চট্টগ্রাম ২.০ বডিবিল্ডিং কম্পিটিশন ২০২৬’ ঘিরে চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২ ও ৩ ডিসেম্বর চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ–এর মোহনা হলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতাকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তের বডিবিল্ডারদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এবারের আসরে নিয়মিত ক্যাটাগরির পাশাপাশি ক্লাসিক ফিজিক, মেনস ফিট মডেল ও ওমেন্স ফিট মডেল যুক্ত হচ্ছে। চট্টগ্রামের স্থানীয় প্রতিভাবান ও উদীয়মান বডিবিল্ডারদের জন্য বিশেষভাবে থাকছে ‘ইমার্জিং মি. চট্টগ্রাম’ ক্যাটাগরি।
এবারের প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ হচ্ছে বিচারিক কার্যক্রমে আন্তর্জাতিক বিচারকদের সংযুক্তি। স্থানীয় অভিজ্ঞ বিচারকদের পাশাপাশি দেশের বাইরে থেকে আন্তর্জাতিক পর্যায়ের বিচারককে সম্পৃক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকরা। আয়োজকদের প্রত্যাশা, আন্তর্জাতিক বিচারকের অংশগ্রহণের ফলে প্রতিযোগিতার বিচারিক মান, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে বাংলাদেশের বডিবিল্ডিং অঙ্গনের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের একটি কার্যকর সংযোগও তৈরি হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে আর্থিক পুরস্কার, ট্রফি, মেডেলসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা। প্রতিটি ক্যাটাগরির সেরা প্রতিযোগীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করতেও থাকছে বিশেষ আয়োজন। প্রতিযোগিতার পর ‘মি. চট্টগ্রাম ২.০’–এর বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘সেলিব্রেশন নাইট’। প্রতিযোগিতার তৃতীয় দিনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রতিটি ক্যাটাগরির শীর্ষ তিন প্রতিযোগী, স্পনসর প্রতিষ্ঠানের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি–পেশার আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।
আয়োজকদের ধারণা, নতুন ক্যাটাগরি, আন্তর্জাতিক বিচারক, আকর্ষণীয় পুরস্কার এবং ব্যতিক্রমী আয়োজনের কারণে এবারের ‘মি. চট্টগ্রাম ২.০’–তে বিপুলসংখ্যক প্রতিযোগী অংশ নেবেন। দেশের বিভিন্ন জেলা থেকে অভিজ্ঞ ও উদীয়মান বডিবিল্ডারদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি হয়ে উঠবে বছরের অন্যতম আলোচিত শরীরগঠন প্রতিযোগিতা। আয়োজকরা জানান, শুধু একটি প্রতিযোগিতা নয়-‘মি. চট্টগ্রাম ২.০’ কে দেশের বডিবিল্ডিং, ফিটনেস ও স্পোর্টস কালচারের একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।










