এবার সরাসরি চুক্তিতে দুবাই ক্যাপিটালসে মোস্তাফিজ

| সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১১:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আসন্ন ইন্টারন্যাশনাল লিগ টিটোয়েন্টির (আইএল টিটোয়েন্টি) মৌসুমের জন্য সরাসরি চুক্তিতে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। গত মৌসুমেও দলটির হয়ে খেলেছিলেন বাঁহাতি এই পেসার। এবারও তার ওপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। বল হাতে তার ইকোনমি ছিল ৮.০৮। সেই পারফরম্যান্সই হয়তো নতুন মৌসুমে তাকে ধরে রাখার অন্যতম কারণ। ছয় দলের এই টুর্নামেন্টের পঞ্চম আসর শুরু হবে আগামী ২২ নভেম্বর। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। গত মৌসুমের ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসকে হারিয়ে শিরোপা জিতেছিল ডেজার্ট ভাইপার্স। এদিকে মোস্তাফিজকে নিয়ে ভক্তদের সঙ্গে মজার এক কুইজও খেলেছে দুবাই ক্যাপিটালস।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বোলিং অ্যাকশনের আদলে একটি অবয়বের ছবি পোস্ট করে খেলোয়াড়টির নাম অনুমান করতে বলা হয়। ছবিটির সঙ্গে ক্যাপশনে লেখা হয়, ‘দক্ষিণ এশিয়ার এক বাঁহাতি বোলার, যিনি ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেন।’ খুব বেশি সময় লাগেনি ভক্তদের উত্তর দিতে। কমেন্ট বক্সে বেশিরভাগ সমর্থকই সঠিকভাবে মোস্তাফিজুর রহমানের নাম বলেছেন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের শ্রেণিভিত্তিক ফুটবল ম্যাচ
পরবর্তী নিবন্ধবাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি দেখছেন ডেভ হোয়াটমোর