রাঙ্গুনিয়ায় ক্ষেত্রবাজার মোড়ে উচ্ছেদ অভিযান

যানজট মুক্ত সড়কে চার ইউনিয়নের লাখো মানুষের স্বস্তি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১১:৩৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার চার ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের চরম দুর্ভোগের প্রধান কেন্দ্রবিন্দু সরফভাটা ক্ষেত্রবাজার মোড় অবশেষে অবৈধ দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। উচ্ছেদ অভিযানের পর সড়ক প্রশ্বস্ত হওয়ায় দীর্ঘদিনের নিত্য যানজট থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার লাখ লাখ মানুষ।

গত মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন আহমেদ সার্বিক সহযোগিতা করেন।

সরেজমিন সরফভাটা উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন ক্ষেত্রবাজার মোড়ে গিয়ে দেখা যায়, সৈয়দ আলী সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকান ও স্থাপনা উচ্ছেদ করে সড়কটি সুপ্রশস্ত করা হয়েছে। এতদিন ধরে এই সরু মোড়ে অবৈধ স্থাপনা ও সিএনজিঅটোরিকশা এবং ব্যাটারি অটোরিকশার কারণে আটকে থেকে দীর্ঘ ভোগান্তি পোহাতে হতো শিলক, সরফভাটা, কোদালা ও পদুয়া ইউনিয়নের যাতায়াতকারী সাধারণ মানুষকে। অতীতে এই পয়েন্টে যানজটে আটকে থেকে রোগী ও পথচারীদের চরম মাশুল দিতে হয়েছিল।

উচ্ছেদ অভিযান শেষে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর সড়কটি দখলমুক্ত হওয়ায় যাতায়াতে নতুন স্বস্তি ফিরে এসেছে। তবে প্রশাসনকে সাধুবাদ জানানোর পাশাপাশি সাধারণ মানুষ দাবি তুলেছেনউচ্ছেদ হওয়া খালি জায়গায় যাতে পরবর্তীতে পুনরায় সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা বা রিকশা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নতুন করে জটলা তৈরি করতে না পারে, সে ব্যাপারে বাজার কর্তৃপক্ষ ও পুলিশকে সজাগ নজরদারি রাখতে হবে। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান জানান, জনস্বার্থে সরকারি জায়গা দখলমুক্ত রাখা ও যানজট নিরসনে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে
পরবর্তী নিবন্ধমহানগর গণপরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের আলোচনা সভা