শিশুদের ক্ষতির দায়ে যুক্তরাষ্ট্রে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

| শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:৪৯ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা ‘জনউপদ্রব’ সৃষ্টি করেছে এবং শিশুদের ক্ষতি করেছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের এক বিচারক মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। এর আগে মার্চ মাসে একটি জুরি বোর্ড মেটাকে অপ্রাপ্তবয়স্কদের অনলাইন শিকারিদের ঝুঁকিতে ফেলা এবং অন্যান্য ক্ষতির জন্য দায়ী করে অঙ্গরাজ্যটিকে ৩৭৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। মেটা জানিয়েছে, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবে। খবর বাসসের।

প্রতিষ্ঠানটি এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘আমরা এই রায়ের সঙ্গে একমত নই এবং এর বিরুদ্ধে আপিল করব।’ মেটা আরও বলেছে, ব্যবহারকারীদের নিরাপদ রাখতে তারা কাজ করে যাচ্ছে এবং ক্ষতিকর ব্যক্তি ও বিষয়বস্তু শনাক্ত ও অপসারণের চ্যালেঞ্জগুলো সম্পর্কে তারা স্বচ্ছ রয়েছে। নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ ২০২৩ সালে মেটার বিরুদ্ধে মামলা করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। মামলার চূড়ান্ত শুনানিতে প্রসিকিউটর লিন্ডা সিঙ্গার জুরিদের বলেন, মেটার অ্যালগরিদম প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের কিশোরদের তৈরি কনটেন্টের দিকে পরিচালিত করেছিল এবং তরুণদের ঝুঁকি নিয়ে নিজেদের অভ্যন্তরীণ তথ্য গোপন করেছিল।

পূর্ববর্তী নিবন্ধ১৭ জনকে কামড়ে পাকড়াও হলো বানর
পরবর্তী নিবন্ধইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৮ সেনা নিহত