কক্সবাজার সৈকতে পানিতে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৬:৩৭ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে ইয়াছিন আরাফাত (২০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার শহরের পেশকার পাড়া এলাকার আলি হোসেনের ছেলে।

সৈকতে দায়িত্বরত সী-সেফ লাইফগার্ডের ইনচার্জ মো: ওসমান জানান, শুক্রবার সকালে বন্ধুদের সাথে ফুটবল খেলতে আসে ইয়াছিন আরাফাত। ফুটবল খেলা শেষে এক পর্যায়ে সমুদ্রে গোসল করার সময় তিনি পানিতে ডুবে যান। বিষয়টি দেখতে পেয়ে দায়িত্বরত লাইফগার্ড ও বীচকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াসিন আরাফাতকে মৃত ঘোষণা করেন। নিহত ইয়াছিন চলতি এইচএসসি পরীক্ষার্থী বলে জেনেছেন লাইফগার্ডের মো: ওসমান।

পূর্ববর্তী নিবন্ধপরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার ওপর গুরুত্বারোপ