ম্যাডাম, আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরো কাজ করতে চাই। খবর বাংলানিউজের।এভাবেই কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতাকে আবারো অভিনয়ে ফেরার জন্য অনুরোধ করলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন ববিতা। মনের মতো গল্প ও চরিত্র না পাওয়ায় অভিনয়ে ফেরার বিষয়ে এত দিন তেমন আগ্রহ দেখাননি তিনি। তবে এবার শাকিব খানের অনুরোধে ফের সিনেমায় অভিনয়ের আশ্বাস দিয়েছেন বরেণ্য অভিনেত্রী।
সম্প্রতি জন্মদিন উপলক্ষে বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন শাকিব খান। দুই তারকার আলাপচারিতার একপর্যায়ে ববিতাকে আবারও চলচ্চিত্রে ফেরার অনুরোধ জানান তিনি। শাকিবের এমন অনুরোধে ববিতাও ইতিবাচক সাড়া দেন। তবে জানান, শুধু অভিনয়ের জন্য অভিনয়ে ফিরতে চান না তিনি।
নিজের প্রত্যাশার কথা জানিয়ে ববিতা বলেন, আমার কাছে সে রকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সে রকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমাকে, তোমার সঙ্গে সিনেমা করব। অর্থাৎ শক্তিশালী গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পেলেই শাকিবের সঙ্গে আবারও পর্দায় ফিরতে চান ববিতা। অনুষ্ঠানে শাকিবের পেশাদারত্ব ও কাজের প্রতি তার নিষ্ঠারও প্রশংসা করেন ববিতা। পাশাপাশি সামপ্রতিক সময়ে শাকিবের কাজ নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি।












