‘বন্ধু’ শব্দটি অতি ছোটো হলেও এর বিশালতা কিন্তু অনেক। চাইলেই কেউ ভালো বন্ধু হতে পারে না। আবার ভালো বন্ধুর সান্নিধ্যও কারো ভাগ্যে জোটে না। বন্ধুত্ব হতে হয় নিঃস্বার্থ ,নিঃশর্ত এবং সীমানাহীন। বিশ্বাস, ভালোবাসা ও আস্থা বন্ধুত্বে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলোর একটির অস্তিত্বের ঘাটতি থাকলে নিখাদ বন্ধুত্বের সম্পর্ক অসম্ভব। ব্যক্তিগত জীবনে শৈশব থেকে আমার বোনেরাই আমার বিশ্বাসী ভালোবাসা এবং ভরসার বন্ধু। স্কুল জীবনের বন্ধুগুলো এখন আমার কাছে না থেকেও পাশে থাকে সবসময়। তারা জীবনের স্বর্গীয় সময়ের বন্ধু ছিল বলেই হয়তো স্মৃতির বারান্দায় রোজ সন্তর্পণে হেঁটে যায়। মাঝবয়সে এসে নতুন করে ফেসবুকে লেখালেখি শুরু করেছিলাম বলে কয়েকজন বন্ধু খুব কাছের হয়ে আছে পাশেই থাকে এখন। তারা আমার প্রাণের বন্ধু। যাদের দুই একজনের সাথে আমি গভীর বিশ্বাসে মনের না বলা কথাগুলোও নির্দ্বিধায় বলতে পারি এবং তাদের কথাগুলোও মন দিয়ে শুনে সহায়তা করার চেষ্টা করি সঠিক পরামর্শ দিয়ে। বন্ধুত্ব মানেই সাদা কাগজের মতো পরিচ্ছন্ন উদারতা। যেখানে যখন যা ইচ্ছা আঁকা যায় মনের মতো করে। যেখানে কোনো সীমানার গণ্ডি নেই, আছে শুধু নীলাকাশে দুধসাদা মেঘরোদ্দুরের মতো সুনির্মল কিছু আবেগ। বন্ধুর হাত ছুঁয়ে মন চাইলেই বৃষ্টি নামিয়ে সেই বৃষ্টিজলে শীতল হওয়া যায় আবার ঝলমলে নরম রোদ্দুরের মোলায়েম উষ্ণতার ওমও পাওয়া যায়। পরিশেষে বলবো, জীবনে প্রকৃত বন্ধু পাওয়া ভাগ্যের বিষয়। ভালো মনের একজন বন্ধু পৃথিবীতে বিধাতার দেয়া নিয়ামত স্বরূপ।












