হাটহাজারীতে নুরুল আজিম প্রকাশ আজম (৪০)কে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি পলাতক দিদারুল আলম প্রকাশ দিদার (৪৭) কে ২২ দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাত দশটার দিকে রাজধানী ঢাকার কেরানিগঞ্জ থানাধীন গাদাবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দিদার হাটহাজারীর পূর্ব দেওয়াননগর এলাকার হামিদ আলী বাড়ির মৃত আবদুল মোনাফের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো.মাসুদ আলমের সার্বিক দিকনির্দেশনায় হাটহাজারী মডেল থানার একটি দল গোপন তথ্যের ভিক্তিতে ঢাকার কেরানীগঞ্জ থানাধীন গাদাবাগ এলাকা থেকে দিদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সে বিভিন্ন সময়ে বাকলিয়া, রাউজান, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি, সিলেটের গোয়াইনঘাট এবং সর্বশেষ ঢাকার কেরানীগঞ্জে আত্মগোপনে ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিদার জানায়, জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র সে সহযোগী আকিলকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত করে। পরে তার দেয়া তথ্যমতে নিজ বাড়ি সংলগ্ন গোয়ালঘরে লুকিয়ে রাখা হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কিরিচ ও একটি রামদা উদ্ধার করা হয়। দিদারের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত দিদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।












