হাটহাজারীতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৯০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে। গতকাল রোববার দুপুরের দিকে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট মাছ বাজার থেকে এসব মাছগুলো জব্দ করা হয়।
জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.শাহেদ আরমান উল্লেখিত মাছ বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও বিধিমালা ১৯৮৫ অনুযায়ী আফ্রিকান মাগুর মাছের চাষ ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকায় ওই ৯০ কেজি মাছ জব্দ করে দুই বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. শওকত আলী,মৎস্য সমপ্রসারন কর্মকর্তা মেহেরুন নেছা, কর্মচারী মো.লোকমান হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।












