চট্টগ্রাম ওয়াসার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটি বলেছে, পানির প্রাপ্যতা ও সেবার মান নিশ্চিত না করে মূল্য বৃদ্ধি অযৌক্তিক। একই সঙ্গে প্রস্তাবটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাবের নেতারা এ দাবি জানান। খবর বাংলানিউজের।
বিবৃতিতে বলা হয়, আগে গ্রাহকদের জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানির সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ওয়াসার অতীতের অনিয়ম–দুর্নীতির তদন্ত করে প্রতিষ্ঠানটিকে ভোক্তাবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে।
ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসসিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর ও যুব ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমান প্রমুখ বিবৃতিতে স্বাক্ষর করেন।











