আজ (১ আগস্ট) উন্নয়ন সংস্থা ঘাসফুলের প্রধান পৃষ্ঠপোষক, কর উপদেষ্টা মরহুম এম এল রহমানের ২৬তম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে ঘাসফুল পরিবারের উদ্যোগে চট্টগ্রাম ও নওগাঁয় কোরআনখানি, দোয়া মাহফিল এবং এতিম শিশুদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। চান্দগাঁও আবাসিক এলাকার মোহাম্মদীয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হবে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল। একই দিনে মরহুমের জন্মভূমি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় হযরত আলী (রা.) হাফেজিয়া কওমি মাদ্রাসা ও শিশু সদনে খতমে কোরআন, দোয়া মাহফিল এবং এতিম ও শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন রাখা হয়েছে। মোহাম্মদ লুৎফর রহমান প্রকাশ এম এল রহমান ১৯২৫ সালের ১ ডিসেম্বর নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের একজন স্বনামধন্য আয়কর উপদেষ্টা হিসেবে সুনাম অর্জন করেন। ২০০০ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ঘাসফুলের প্রতিষ্ঠা, বিকাশ এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ভিত্তি নির্মাণে তাঁর অবদান ছিল অনন্য। সমাজসেবাকে তিনি ব্যক্তিজীবনের আদর্শে পরিণত করেছিলেন। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য ছিলেন। ২৬তম মৃত্যুবার্ষিকীতে ঘাসফুল পরিবার গভীর শ্রদ্ধার সঙ্গে মরহুম এম এল রহমানকে স্মরণ করছে। প্রেস বিজ্ঞপ্তি।












