সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর ১২তম মৃত্যুবার্ষিকী আজ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের এদিন তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন। বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এল কে সিদ্দিকী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি জিয়াউর রহমান সরকারের মন্ত্রিসভারও সদস্য ছিলেন।

রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের নিজ বাড়ি সীতাকুণ্ডের রহমতনগরে পারিবারিক কবরস্থানে আজ শনিবার সকালে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। পারিবারিকভাবে গ্রহণ করা এসব কর্মসূচিতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, এল কে সিদ্দিকী ১৯৩৯ সালের ১৫ এপ্রিল সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমতনগর গ্রামে জন্মগ্রহণ করেন। নানা সামাজিক কর্মকাণ্ডেও তিনি নিবেদিত ছিলেন। তিনি রোটারি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এবং আগ্রাবাদ মহিলা কলেজ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন স্কুলকলেজ, মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি দৈনিক আজাদীর নিয়মিত কলাম লেখক ছিলেন। ‘ফেলে আসা দিনগুলো’ এবং ‘ফেলে আসা দিনগুলো ও অন্যান্য’ নামে তাঁর দুটি গ্রন্থ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঘাসফুলের প্রধান পৃষ্ঠপোষক এম এল রহমানের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে তিন মাদকাসক্তকে কারাদণ্ড