বাঁশখালীতে চিংড়িঘের দখল নিয়ে দুপক্ষের গোলাগুলি, নিহত ১

পুলিশ মোতায়েন, আহতদের গোপনে চিকিৎসা

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

বাঁশখালীর উপকূলীয় সরল ইউনিয়নে মাছের ঘের দখল ও ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও অনেকে। গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করে গতকাল শুক্রবার ভোররাত পর্যন্ত সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকার বঙ্গোপসাগরসংলগ্ন বেড়িবাঁধের একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মকবুল ফকির বাড়ির আব্দুল আলিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাছের প্রজেক্টের মালিকানা ও ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে জিল্লুর রহমানসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় জিল্লুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও বেশ কয়েকজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত আরও অনেকের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। স্থানীয়রা জানান, এই মাছের ঘের নিয়ে অতীতেও অসংখ্যবার হামলা ও মামলার ঘটনা ঘটেছে। আগের বিভিন্ন মামলার আসামি হওয়ায় অনেক আহত ব্যক্তি গ্রেপ্তার এড়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাননি। তারা গোপনে ব্যক্তিগতভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন ও জড়িতদের শনাক্তে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ ইব্রাহিম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাহমুদুল হাসান ও বাঁশখালী থানার ওসি রবিউল হকসহ শতাধিক পুলিশ সদস্য অভিযান পরিচালনা করেন। জেলা ও থানা পুলিশ জানায়, চিংড়ি মাছের প্রজেক্ট দখল ও ভাগাভাগিকে কেন্দ্র করে ওই এলাকার কবির গ্রুপ ও মনসুর গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

শুক্রবার রাত ৯টার দিকে বাঁশখালী থানার এসআই মো. আরিফ হোসেন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এখনও পর্যন্ত থানায় কেউ কোনো মামলা কিংবা অভিযোগ করেনি। নিহতের লাশ দাফনের পর পরিবারের স্বজনেরা মামলা করবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসড়ক নির্মাণ বন্ধে পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশ, এলজিইডি সচিবকে চিঠি
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে তর্কের মাঝে বোনের ধাক্কায় ভাইয়ের মৃত্যু