গুরু পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান ‘গুরু প্রণাম’। তবলা শিক্ষাপ্রতিষ্ঠান রেওয়াজ–এর শিষ্যবৃন্দের এ আয়োজনে চট্টগ্রামের প্রখ্যাত তবলাগুরু সুদীপ সেনগুপ্ত শিষ্যদের নিয়ে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন। বাচিকশিল্পী প্রবীর পালের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক শিল্পী ঝুলন দত্ত এবং সদস্যসচিব বেতার ও টেলিভিশন শিল্পী সানি দে।
এরপর শুরু হয় মূল শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান। উদ্বোধনী পরিবেশনা রেওয়াজের শিক্ষার্থীরা ‘গুরুবন্দনা’ শীর্ষক বৃন্দ তবলা লহরা পরিবেশন করেন। এ পরিবেশনায় হারমোনিয়ামে নাগমায় সহযোগিতা করেন সঙ্গীতশিল্পী সৈকত দত্ত। পরে মঞ্চে আসেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ও শিক্ষক রিটন কুমার ধর। তিনি সান্ধ্যকালীন রাগ ইমন ও মিশ্র পাহাড়ি রাগে ঠুমরী পরিবেশন করেন। তাঁর সঙ্গে তবলায় দক্ষ হাতে সঙ্গত করেন সানি দে ও রোমেন বিশ্বাস রাজু। হারমোনিয়ামে ছিলেন অভিষেক নন্দী ও তানপুরায় চয়ন চক্রবর্তী।
এরপর মঞ্চে আসেন বেহালাশিল্পী অপরাজিতা চৌধুরী। তাঁর সঙ্গে তবলায় সঙ্গত করেন জুয়েল চৌধুরী ও দেবাশীষ দাশ। রূপক তবলা ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা বৃন্দ তবলা লহরা পরিবেশন করেন। আশীষ চৌধুরীর পরিচালনায় এ পরিবেশনায় অংশ নেন রিপন দাশ, শেখ আরমানুল ইসলাম আদর, সৌমেন দাশ ও প্রথম কুয়ার জৈন। নাগমায় সহযোগিতা করেন সৈকত দত্ত। সমাপনী পরিবেশনায় মোহনবীণায় সুরের মূর্ছনা তোলেন দোলন কানুনগো। তবলায় সঙ্গত করেন সুশান্ত কর চৌধুরী ও তিষাণ ঘোষ। প্রেস বিজ্ঞপ্তি।












