যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম এশিয়ায় মার্কিন বাহিনীগুলোর ওপর আকস্মিক আক্রমণের চেষ্টা করে ইরান অনেকগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে দুই পক্ষের মধ্যে নতুন করে ১৩ দিন ধরে চলা লড়াইয়ে যে বিরতি ঘটেছিল তার অবসান হলো। হামলাটি ইরানের স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত রাত ১টা ১৫ মিনিটের দিকে চালানো হয়েছে আর সব ক্ষেপণাস্ত্র সফলভাবে বাধা দেওয়া হয়েছে বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে। খবর বিডিনিউজের।
ইরান জানিয়েছে, তারা জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যস্থল করেছে। পরে মার্কিন সামরিক বাহিনী ও সৌদি আরবের বাহিনী ইরাকে ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফ্রন্টের (পিএমএফ) বসরা সদরদপ্তরে বিমান হামলা চালায়। সৌদি আরবে ইরাক থেকে হওয়া ড্রোন হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে সৌদি আরব জানিয়েছে।
পিএমএফের দপ্তরে হামলা নিয়ে ইরান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই পাল্টাপাল্টি হামলার ঘটনাগুলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে লড়াইয়ে যে বিরতি এসেছিল তাকে ভেঙে দিতে পারে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাংকারে আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার দিনটিতে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালালো ইরান। এর আগে ট্রাম্প বলেছিলেন, তাদের সঙ্গে ইরানের খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে। গত শুক্রবার পর্যন্ত টানা ১৩ দিন ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তখন মার্কিন হামলার জবাবে পশ্চিম এশিয়ায় মার্কিন অবস্থানগুলোতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তারপর থেকে তিন দিন পাল্টাপাল্টি হামলা বন্ধ ছিল।
সংঘাত আবার উস্কে উঠতে পারে এমন আশঙ্কায় গতকাল সকালে তেলের দাম আবার বেড়েছে। এশিয়ায় ব্রেন্টের অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি মূল্য ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে ৮৭ ডলার ৭০ সেন্টে দাঁড়িয়েছে। আর যুক্তরাষ্ট্রে ৪ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি মূল্য ৮২ ডলার ৬২ সেন্ট হয়।










