নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি গুদাম থেকে ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব–৭। একই সাথে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটকও করা হয়েছে। তার নাম বেলাল হোসেন। তিনি নগরীর চকবাজারের সোনামিয়া এলাকার বাসিন্দা।
গত মঙ্গলবার পূর্ব মাদারবাড়ি এলাকার দারোগাহাট রোডের ইলিয়াস মাঝির বাড়ির একটি ভাড়ায় পরিচালিত গুদাম থেকে এসব বিদেশি সিগারেট জব্দ করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এসব বিদেশি সিগারেট মজুদ করে বিক্রি করা হচ্ছে– এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে জানিয়ে গত র্যাব–৭ জানায়, অভিযানকালে গুদাম তল্লাশি করে ২ হাজার ৮৫০ কার্টন ওরিস ব্র্যান্ডের সিগারেট এবং ৬৪০ কার্টন প্যাট্রন ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। প্রতিটি কার্টনে ১০ প্যাকেট হিসেবে মোট ৩৪ হাজার ৯০০ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। আটক ব্যক্তি এবং জব্দ করা মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।










