হালিশহরে শিশু খুন, খালুর মৃত্যুদণ্ড

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৪:০৩ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরে সাগর দেখাবে বলে নিয়ে গিয়ে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু খুনের দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেনরিকশা চালক মো. আল আমিন। কিশোরগঞ্জ জেলার নিকলী থানার কারপাশা পুতিহারা এলাকার বাসিন্দা আল আমিন সম্পর্কে ভিকটিমের খালু। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী মো. শহীদুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। তিনি বলেন, অপর এক ধারায় আসামিকে ৭ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। আদালতসূত্র জানায়, আল আমিন তার স্ত্রীকে মাদক সেবন করে মারধর করতেন। এ নিয়ে তার স্ত্রীর বোন সীমা আক্তার সালিশ বসায়। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর সীমা আক্তারের ৭ বছরের শিশু মো. মাহফুজকে সাগর দেখাবে বলে হালিশহর থানাধীন পূর্ব সুন্দরীপাড়া এলাকায় নিয়ে গিয়ে হত্যা করেন। পরে হত্যার ঘটনা গোপন করতে তার মরদেহ পাশের বেড়িবাঁধের খালে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় শিশু মাহফুজের বাবা মো. মাহাবুব হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হলে ২০১৭ সালের ২৭ এপ্রিল চার্জগঠনের মাধ্যমে আল আমিনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধজামালখানে শিশু বর্ষাকে ধর্ষণ ও খুনের মামলায় সাক্ষ্য দিলেন মা
পরবর্তী নিবন্ধঅতিরিক্ত ৯ হাজার নটিক্যাল মাইল ঘুরে ক্রুড আনছে বিপিসি