অতিরিক্ত ৯ হাজার নটিক্যাল মাইল ঘুরে ক্রুড আনছে বিপিসি

নিরাপত্তা ঝুঁকি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৪:০৩ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালীতে সংকট চলছে। লোহিত সাগর এবং বাব আল মান্দেব মোটামুটি ভরসা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্য সংকট প্রকট হয়ে উঠার পর হুতিদের হামলার কারণে তাও অনেকটা বন্ধ হয়ে গেছে। তাই বাংলাদেশের জন্য আমদানিকৃত ক্রুডবাহী জাহাজকে ৪ হাজার দুইশ’ নটিক্যাল মাইলের যাত্রার স্থলে ১৩ হাজার ১৩০ নটিক্যাল মাইল পথ ঘুরে আসতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকির কারণে লোহিত সাগর ও বাব আল মান্দেব প্রণালি এড়িয়ে চলতে বাধ্য হওয়ায় ক্রুডবাহী জাহাজটিকে প্রায় ৯ হাজার নটিক্যাল মাইল অতিরিক্ত পথ ঘুরে আসতে হচ্ছে। এতে এক লাখ টন ক্রুড অয়েল পরিবহনে কয়েক মিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় এবং এক মাসের বেশি সময়ও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অ্যারাবিয়ান লাইট ক্রুড নিয়ে এমটি নিনেমিয়া চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। স্বাভাবিকভাবে লোহিত সাগর ও বাব আল মান্দেব হয়ে প্রায় ৪ হাজার ২০০ নটিক্যাল মাইল পথ অতিক্রম করে ১৩১৫ দিনে বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজটি সুয়েজ খাল, জিব্রাল্টার প্রণালি এবং দক্ষিণ আফ্রিকার কেপ অব গুড হোপ হয়ে প্রায় ১৩ হাজার ১৩০ নটিক্যাল মাইল পথ পাড়ি দিচ্ছে। ফলে জাহাজটি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে চট্টগ্রামে পৌঁছাতে পারে।

বিএসসি ইতোমধ্যে বিপিসিকে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, রুট পরিবর্তনের কারণে জাহাজ মালিকপক্ষ অতিরিক্ত ৫৩ লাখ ৯৬ হাজার ৭৩৩ মার্কিন ডলার দাবি করেছে। এর মধ্যে অতিরিক্ত জাহাজ ভাড়া, জ্বালানি (বাংকার) ব্যয় এবং সুয়েজ খালের টোল অন্তর্ভুক্ত রয়েছে। তবে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, চূড়ান্ত বিল আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দরকষাকষির মাধ্যমে নির্ধারণ করা হবে এবং অতিরিক্ত ব্যয় ৪ থেকে সাড়ে ৪ মিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। বিপিসির দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্রুড আমদানি না হলে ইস্টার্ন রিফাইনারি পিএলসির কাঁচামাল ব্যবস্থাপনা জটিল হয়ে পড়ে। তাই নিরাপত্তার স্বার্থে বিকল্প রুটে জাহাজ আনা হলেও এতে সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। জাহাজটি নির্ধারিত সময়ের একমাস পরে দেশে পৌঁছালেও ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন অব্যাহত রাখার প্রস্তুতি আছে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে শিশু খুন, খালুর মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধপরিবারের সবাই প্রবাসে, ঘরে ৪ দিন ধরে পড়েছিল বৃদ্ধের লাশ