ফেসবুকে মানহানিকর ও আপত্তিকর পোস্ট করার অভিযোগে ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম’ নামে একটি পেজের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা করেছেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান।
গতকাল চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে দায়ের হওয়া এই নালিশী মামলা দায়ের হওয়ার পর শুনানি শেষে বিচারক কাজী মিজানুর রহমান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আল আমিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম নামের পেজের পাশাপাশি চারজন কমেন্টকারীকেও আসামি করা হয়েছে। তারা হলেন মিলন হোসেন বাহার মিয়া, হেলাল মোহাম্মদ, সাহাজাদা আবদুল হামিদ ও কাজী নুমি।
মামলার আরজিতে বলা হয়, গত ২৫ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় নিজের ভাড়া বাসায় অবস্থানকালে ফেসবুকে তার সম্পর্কে আপত্তিকর একটি পোস্ট দেখতে পান। বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম নামে একটি পেজ থেকে করা ওই পোস্টে তার বিরুদ্ধে নানা আপত্তিকর মন্তব্য করা হয়। পরবর্তীতে তিনি বিষয়টি নিয়ে নিজের ফেসবুক আইডিতে প্রতিবাদ জানান। সেখানেও নানা আপত্তিকর মন্তব্য করা হয় বলে তিনি আরজিতে উল্লেখ করেন।










