দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার মোমিন রোডস্থ শহর সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমাজসেবা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমন্বয় পরিষদের সভাপতি ও মমতা’র প্রধান নির্বাহী রফিক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সমন্বয় পরিষদের সহ সভাপতি হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, নুর জাহান খান, বেলায়েত হোসেন, মোহাম্মদ জাহাংগীর মোস্তফা, রাবেয়া খাতুন শিমুল, আশিকুল আলম, প্রশিক্ষক দেব প্রসাদ চক্রবর্তী, রানু ভট্টাচার্য, কাউসার জান্নাত মুক্তা প্রমুখ। অনুষ্ঠান শেষে মোট ১২০ জন প্রশিক্ষণার্থীকে কারিগরি শিক্ষা বোর্ডের ৬ মাস মেয়াদি কোর্সের সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের যুবসমাজকে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠার পাশাপাশি দেশ গড়ায় আত্মনিয়োগ করতে হবে। একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়া ও আমাদের দেশের বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি









