সাঙ্গু নদীতে নিখোঁজের দুইদিন পর পর্যটকের লাশ উদ্ধার

বান্দরবানের থানচি

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৪:৪২ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর পর্যটক মো. জাওয়াদ উল ইসলামের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে তিন্দুমুখ বিজিবি ক্যাম্প সংলগ্ন সাঙ্গু নদীর ঘাট এলাকায় মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার বড়পাথর এলাকায় ইঞ্জিনচালিত একটি

নৌকা ডুবে গেলে ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা মো. জাওয়াদ উল ইসলাম নিখোঁজ হন। তিনি মো. হেলাল উদ্দীনের ছেলে। নিখোঁজের পরদিন ২৫ জুলাই চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের তিন সদস্যের ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যসহ মোট আট সদস্যের একটি উদ্ধারকারী দল দিনব্যাপী অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। পরে রোববার সকালে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে তিন্দুমুখ বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় মরদেহ ভেসে উঠলে সেটি উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহটি তিন্দুমুখ বিজিবি ক্যাম্পের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মিছিলের সময় ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী আটক
পরবর্তী নিবন্ধপূর্ব মাদারবাড়িতে শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন