বৃষ্টি তুমি

শিবুকান্তি দাশ | বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

বৃষ্টি তুমি কোথায় থাকো কোথায় তোমার ঘর

মাঠের শেষে মেঘের কোলে থাকো তেপান্তর?

কোথায় থাকো বলো তুমি সাগর নদীপাড়

নাকি তুমি পাহাড় চূড়ায় ঘুমাও বারংবার।

তুমি এলে আমার যে কী খুশি লাগে ভাই

বৃষ্টিভেজা হয়ে আমি কাঁঠাল তলায় যাই

মা আমাকে দেখতে পায়না লুকিয়ে থাকি চুপ

কিন্তু কি মা আঁচল দিয়ে আদর করেন খুব।

ইশকুলে তো হয় না যাওয়া পুতুল বিয়ে হয়

অংক স্যারের কথা ভেবে ভীষণ লাগে ভয়

নৌকা আসে বাড়ির পিছে জল থই থই করে

কলাগাছের ভেলায় চড়ে কেউবা মাছ ধরে।

গুডুম গুডুম দেয়া ডাকে ফুটে কদম ফুল

সকাল বিকাল মৌমাচিদের কী যে হুলস্থূল

এসব দেখে দেখে আমি বেড়াই চারিদিক

গাছের পাতায় বৃষ্টি ফোটা করছে যে চিকচিক।

পূর্ববর্তী নিবন্ধব্যাঙের ছাতা
পরবর্তী নিবন্ধঐ বুঝি এলো ঢল