শৈলীর মানবিকতা

শিরিন আফরোজ | বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:২৪ পূর্বাহ্ণ

প্রজাপতির মতো চঞ্চল, মিষ্টি মেয়ে শৈলী। মাবাবা, ভাইবোন ও পরিবারের সবাইকে মাতিয়ে রাখে শৈলী। ঘরে ও বাইরে কেউ তাকে আদর না করে পারে না। শৈলী যেনো সবার কাছ থেকে আদর চেয়ে চেয়ে নেয়।

শৈলীর কাছে ছোট্ট একটা ডায়েরী আছে। সেটাতে শৈলী নিজের প্রিয় সব কিছুর নাম লিখে। বৃষ্টি শৈলীর খুব পছন্দ, তাই প্রিয় ঋতুতে শৈলী ডায়েরীতে লিখলো বর্ষাকাল।

শৈলীর বাড়ি বাঁশের ঘর টিনের ছাউনি। বৃষ্টির দিনে টিনের ছাউনির উপর বৃষ্টির শব্দ শৈলীর ভীষণ ভালো লাগে। বৃষ্টি পড়লে শৈলী টিনের ছাউনিতে বৃষ্টির শব্দ শব্দ অনুভব করে আর সুযোগ পেলেই জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি দেখে।

জানালার পাশে বসলেই দেখা যায় বড় পুকুর। বৃষ্টির টুপটাপ, ঝুমঝুম এবং ঝরিঝিরি সবই মুগ্ধ হয়ে দেখতে দেখতে ভীষণ ভালোলাগাতে ডুবে যায় শৈলী। বাড়ির পাশের ডোবা থেকে ভেসে আসে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ ডাক। ব্যাঙের ডাকের সাথে সুর মিলিয়ে ডেকে শৈলী মজা নেয়। পরিবারের সবার বিশেষ করে বাবার অতি আদরের মেয়ে মিষ্টি প্রজাপতি শৈলী। বাইরে ঝুম বৃষ্টি, শৈলীর স্কুলে যাওয়ার সময় হলো। হঠাৎ শৈলীর মন খারাপ হয়ে গেলো। স্কুল ড্রেস পরে রেডি হয়ে কি যেনো ভাবছে। শলীর বাবা বললো, চলো মা দেরি হচ্ছে। মেয়েকে চুপচাপ দেখে শৈলীর বাবা আবার বললো, কী হয়েছে মা? কী ভাবছো? উত্তরে শৈলী বাবাকে বললো, জানো বাবা আমার ক্লাসের শুক্লার শুধু এক সেট স্কুলের কাপড় তাই এ বর্ষাকালে শুক্লার অনেক কষ্ট হবে। আজকে স্কুলে আসাযাওয়ার পথে স্কুল ড্রেস ভিজে গেলে শুক্লা কীভাবে স্কুলে আসবে! তাই ভেবে আমার মনটা ভালো নেই বাবা। মেয়ের কথার কী উত্তর দিবে শৈলীর বাবা ভাবতে পারছে না।

একটু আমতা আমতা করে মেয়েকে বললো, কোন একটা ব্যবস্থা নিশ্চই করে নিবে। চলো মা স্কুলে পৌঁছতে দেরি হয়ে যাবে। একটু ভীতু স্বরে শৈলী বাবাকে বললো, বাবা আমার তো তিন সেট স্কুল ড্রেস। আমার থেকে একটা শুক্লাকে দিয়ে দিই, তাহলে বৃষ্টি দিনে শুক্লার আর স্কুলে আসতে কষ্ট হবে না। মেয়ের এমন সুন্দর কথা শুনে বাবার চোখে জল চলে এলো। বাবা বললো, ঠিক আছে মা দিয়ে দাও। আমি তোমাকে আরেক সেট বানিয়ে দিবো। শৈলী মাকে ভয় পাচ্ছে, বাবাকে বললো মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে দিতে।

শৈলীর বাবা শৈলীর মাকে বললো মাও রাজি হলো। পেকেটে এক সেট স্কুল ড্রেস নিয়ে শৈলী বাবার হাত ধরে স্কুলে গেলো।

পূর্ববর্তী নিবন্ধসাহেরখালী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবৃষ্টি এলো