নবায়নযোগ্য জ্বালানি সার্টিফিকেট (আরইসি) উন্নয়নের সম্ভাবনা অনুসন্ধানে এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রি লিমিটেড এবং গ্রিন অ্যান্ড ব্লু প্ল্যানেট সল্যুশনস কো. লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রামের বারকোড ফুড জাংশনে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে পিডব্লিউসি জাপান, গ্রিন এন্ড ব্লু প্লানেট সল্যুশন এবং জাপান ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সি (জেআইসিএ)-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে একটি মতবিনিময় সভা ও শিল্পকারখানা পরিদর্শনের আয়োজন করা হয়। এ সময় অতিথিরা এন. মোহাম্মদ গ্রুপ–এর উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিবেশবান্ধব উদ্যোগে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে প্লাস্টিক ক্রেডিট, এন. মোহাম্মদ গ্রুপের আসন্ন সৌরবিদ্যুৎ (সোলার পিভি) প্রকল্প থেকে নবায়নযোগ্য জ্বালানি সার্টিফিকেট (আরইসি) উন্নয়নের সম্ভাবনা এবং পরিমাপযোগ্য কার্বন নিঃসরণ হ্রাসের মাধ্যমে কার্বন ক্রেডিট অর্জনের বিভিন্ন সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এন. মোহাম্মদ গ্রুপের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো. মনজুরুল হক ও ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল হকসহ এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা। অপরদিকে, সফরকারী প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন ইউজি ইয়োশিদা, পিডব্লিউসি জাপান ও কেনইচি উয়েয়ামা, গ্রিন অ্যান্ড ব্লু প্লানেট সল্যুশন এবং জাপান ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সির (জেআইসিএ) একজন প্রতিনিধি।
এন. মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মো. মনজুরুল হক বলেন, দায়িত্বশীল শিল্পায়ন ও টেকসই উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ। তার মতে, এই সমঝোতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত টেকসই চর্চাকে গ্রুপের উৎপাদন ও জ্বালানি কার্যক্রমের সঙ্গে আরও কার্যকরভাবে একীভূত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল হক বলেন, এন. মোহাম্মদ গ্রুপ ধারাবাহিকভাবে পুনর্ব্যবহার (রিসাইক্লিং), নবায়নযোগ্য জ্বালানি, সম্পদের দক্ষ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থায় বিনিয়োগ করে যাচ্ছে। জানা গেছে, স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের আওতায় ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠান কারিগরি আলোচনা, সম্ভাব্যতা যাচাই এবং পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করবে। বিশেষ করে এন. মোহাম্মদ গ্রুপের আসন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে আরইসি উন্নয়নের সম্ভাবনা মূল্যায়ন এবং প্লাস্টিক ক্রেডিট ও কার্বন ক্রেডিট–সংক্রান্ত ভবিষ্যৎ সহযোগিতার সুযোগগুলো যৌথভাবে অনুসন্ধান করা হবে। এই অংশীদারত্বের মাধ্যমে এন. মোহাম্মদ গ্রুপ পরিবেশগত প্রভাব হ্রাস, সম্পদের দক্ষ ব্যবহার বৃদ্ধি এবং বাংলাদেশে একটি আরও টেকসই ও স্বল্প–কার্বনভিত্তিক শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে তাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। প্রেস বিজ্ঞপ্তি।












